১১টার মধ্যেই ভোট পড়ে গেল ৩৬ শতাংশের উপর! মহা উৎসাহে চলছে মানুষের রায়দান

 নিজস্ব সংবাদদাতা


কলকাতা ২৭ মার্চ ২০২১ ১২:৩৭

রাজ্যে প্রথম দফার ভোটে বিপুল অংশগ্রহণ মানুষের। বেলা ১১টা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছে ৩৬.০৯ শতাংশ। একই দিনে ভোট হচ্ছে অসমে, সেখানে একই সময়ে ভোট পড়েছে ২৬.৩৭ শতাংশ। ভোটদানের হিসাব ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।

বাঁকুড়া জেলায় বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৪৮ শতাংশ। ঝাড়গ্রাম জেলায় ভোট পড়েছে ৩৬.৮৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৩৫.৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৩৮.৮১ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে ৩৩.৬৫ শতাংশ।

কেন্দ্র হিসাবে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রে। বেলা ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪২.৫৫ শতাংশ। সেখানে লড়াই করছেন তৃণমূলের অখিল গিরি। ৪০.৮০ শতাংশ ভোট পড়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর কেন্দ্রে। তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া লড়াই করছেন মেদিনীপুর কেন্দ্র থেকে। সেখানে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০.৭৮ শতাংশ। যে পটাশপুর বিধানসভা এলাকায় একাধিক সংঘর্ষের খবর এসেছে শুক্রবার থেকে, সেই কেন্দ্রেও ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। ওই সময় পর্যন্ত মেদিনীপুর কেন্দ্রে ভোট পড়েছে ৪০.৭৮ শতাংশ। তবে উল্লেখযোগ্য ভাবে ভোটের হার কম রয়েছে মানবাজার বিধানসভা কেন্দ্রে। সেখানে ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্রা ১৮.৩১ শতাংশ।সকাল থেকে কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্র থেকে বারবার হিংসার খবর এসেছে। সেই কেশিয়াড়িতেও বেলা ১১টা পর্যন্ত ভোটের হার ৩৩.২৪ শতাংশ। খেজুরি কেন্দ্রে ভোট পড়েছে ৩৯.১২ শতাংশ। শালবনি কেন্দ্রে সকালেই অশান্তি ছড়ায় সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষকে কেন্দ্র করে। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। পাল্টা অভিযোগ আসে, তৃণমূল হামলা চালিয়েছে। সেই কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.০০ শতাংশ।

মন্তব্যসমূহ