সব সীমানা বন্ধ করে দেওয়া হল নন্দীগ্রামের, জল-স্থল-আকাশ থেকে নজরদারি
সোমনাথ মণ্ডল
ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এবং ইভিএম গুলি যেখানে মজুত রাখা হয়েছে, সেই জায়গাগুলি বাদ দিয়ে নন্দীগ্রামের সর্বত্রই ১৪৪ ধারা জারি করেছে কমিশন। নামানো হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৯৯৯। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ২৫৭। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৮৯৮। পূর্ব মেদিনীপুরের নিরাপত্তা আরও আটোসাঁটো করতে হলদিয়ায় পাঠানো হয়েছে আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীকে। নন্দীগ্রামে থাকবেন খগেন্দ্রনাথ ত্রিপাঠী। এ ছাড়াও নজিরবিহীন ভাবে সুন্দরবন অঞ্চলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় যে ৩০ কেন্দ্রে ভোট হবে, সেখানে ৫ হাজার ৫৩৫ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনলাইন নজরদারি চালানো যায়। এ মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ৭৩২, পূর্ব মেদিনীপুরে ১ হাজার ৬১১, পশ্চিম মেদিনীপুরে ১ হাজার ৮০২ আর বাঁকুড়াতে ১ হাজার ৩৯০টি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যস্থা করা হয়েছে। এ ছাড়াও ৩ হাজার ৪৯টি বুথে থাকছে সিসিটিভি ক্যামেরা। মাইক্রো অবজার্ভার থাকবে ১ হাজার ৯১৫টি বুথে। ২৮৬টি বুথে ভিডিয়ো ক্যামেরায় নজরবন্দি করা হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ইতিমধ্যেই ৬৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ৩০ কেন্দ্রে। রাজ্যে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আরও ২০০ কোম্পানি আসছে ৮ মার্চের মধ্যে।দ্বিতীয় দফায় মোট প্রার্থী ১৭১ জন। মোট বুথের সংখ্যা ১০ হাজার ২২০। এখনও পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ১৩ হাজার ২০৭টি। তার মধ্যে ১১ হাজার ৯টি অভিযোগেই সত্যতা রয়েছে বলে জানিয়েছে কমিশন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় দফায় ৩০ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭৫ লক্ষ ৯৪ হাজার ৫৪৯। তার মধ্যে পুরুষ ভোটার ৩৮ লক্ষ ৮০ হাজার ৯৫৫। মহিলা ভোটারের সংখ্যা ৩৭ লক্ষ ১৩ হাজার ৫০৮। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৬। বয়স্ক ভোটার যাঁদের বয়স ৮০-র ঊর্ধ্বে, এমন ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ১১৬।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন